খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ২৩ ভাদ্র, ১৪৩৩

সাইবার অপরাধীদের জালিয়াতি রোখার গোপন চাবিকাঠি

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাইবার অপরাধীদের জালিয়াতি রোখার গোপন চাবিকাঠি

যোগফল প্রতিবেদক: 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি ‘ডিপফেক’ ভয়েস স্ক্যাম এখন বিশ্বজুড়ে বড় ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি হয়ে উঠেছে। প্রিয়জনের অবিকল কণ্ঠস্বর নকল করে বিপদে পড়ার কথা জানিয়ে মুহূর্তের মধ্যে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে পরিবারের সদস্যদের মধ্যে একটি গোপন শব্দ বা ‘কোডওয়ার্ড’ নির্ধারণ করে রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা এলিজাবেথ বেনজের অভিজ্ঞতা এ ধরনের প্রতারণার ভয়াবহতা তুলে ধরে। সম্প্রতি একটি ফোনকলে তিনি তার ১৬ বছর বয়সী ছেলে জনের কান্নাজড়িত কণ্ঠ শুনতে পান। ফোনে জানানো হয়, তার এক বন্ধু মারা গেছে। এরপর এক অচেনা ব্যক্তি ফোনটি নিয়ে বিপুল পরিমাণ মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে ছেলেকে হত্যার হুমকি দেয়।

ছেলের বিপদের কথা শুনে আতঙ্কিত হয়ে টাকা দিতে ছুটছিলেন এলিজাবেথ। তবে শেষ মুহূর্তে তার জ্যেষ্ঠ সন্তানের মাধ্যমে জানতে পারেন, জন সম্পূর্ণ নিরাপদে ফুটবল মাঠে খেলছে। পরে তিনি বুঝতে পারেন, ফোনকলটি ছিল এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ডিপফেক জালিয়াতি।

এলিজাবেথের পরিবারে আগে থেকেই একটি গোপন কোডওয়ার্ড নির্ধারণ করা ছিল। কিন্তু আকস্মিক ভয় ও আতঙ্কের কারণে সেই মুহূর্তে তিনি কোডওয়ার্ডটির কথা মনে করতে পারেননি।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এআইনির্ভর স্ক্যাম এখন আর কাল্পনিক কোনো বিষয় নয়। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ এ ধরনের প্রতারণার শিকার হয়ে তাদের জমানো অর্থ হারাচ্ছেন। প্রতারকরা মানুষের আবেগ ও ভয়কে কাজে লাগিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ও ডিপফেক গবেষক হ্যানি ফারিদের মতে, গভীর রাতে হঠাৎ প্রিয়জনের বিপদের খবর কিংবা অস্বাভাবিক আর্থিক সহায়তার দাবি এলে মানুষ স্বাভাবিকভাবেই বিচলিত হয়ে পড়ে। এ সময় আবেগের বশবর্তী না হয়ে ফোনকলটির সত্যতা যাচাই করা জরুরি।

বিশেষজ্ঞদের পরামর্শ, পরিবারের সদস্যদের মধ্যে আগে থেকেই একটি গোপন শব্দ বা কোডওয়ার্ড নির্ধারণ করে রাখা উচিত। এমন কোনো শব্দ, বাক্যাংশ বা পারিবারিক অভ্যন্তরীণ বিষয় বেছে নেওয়া যেতে পারে, যা পরিবারের সদস্যরা ছাড়া অন্য কারও জানার কথা নয়।

তবে শুধু কোডওয়ার্ড নির্ধারণ করে রাখলেই হবে না। জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সেটি মনে করা এবং ব্যবহার করার অভ্যাসও তৈরি করতে হবে।

যেসব লক্ষণে সতর্ক হবেন

নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ডিপফেক ভয়েস স্ক্যামে সাধারণত কয়েকটি বিষয় লক্ষ্য করা যায়—

প্রথমত, অতিরিক্ত জরুরি পরিস্থিতি তৈরি করা। প্রতারকরা এমনভাবে কথা বলে যাতে ভুক্তভোগী চিন্তা বা যাচাই করার সময় না পান।

দ্বিতীয়ত, অচিহ্নিত মাধ্যমে অর্থ দাবি করা। বিটকয়েন, গিফট কার্ড বা নগদ অর্থের মতো মাধ্যমে টাকা চাওয়া হতে পারে।

তৃতীয়ত, অন্যদের সঙ্গে যোগাযোগে বাধা দেওয়া। ভুক্তভোগী যাতে পরিবারের অন্য সদস্য বা পরিচিত কারও সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই করতে না পারেন, সে চেষ্টা করা হয়।

প্রতারণা থেকে বাঁচতে যা করবেন

অস্বাভাবিক কোনো ফোনকল এলে প্রথমেই আতঙ্কিত না হয়ে পরিস্থিতি যাচাই করতে হবে। পরিবারের নির্ধারিত কোডওয়ার্ড জানতে চাইতে পারেন। পাশাপাশি অন্য একটি নম্বর থেকে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে সরাসরি যোগাযোগ করে তার অবস্থান নিশ্চিত করা উচিত।

বিশেষজ্ঞদের মতে, কয়েক মাস পরপর পরিবারের সদস্যদের একসঙ্গে বসে কোডওয়ার্ডটি মনে করে নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে কীভাবে এটি ব্যবহার করতে হবে তা অনুশীলন করা প্রয়োজন।

আতঙ্কের মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে কয়েক মিনিট সময় নিয়ে তথ্য যাচাই করাই পারে এআইনির্ভর ডিপফেক প্রতারণা থেকে পরিবারকে বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা করতে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভোটার এলাকা বদলালেন আসিফ মাহমুদ

 যোগফল প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ভোটার ছিলেন। বর্তমানে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) আসিফ মাহমুদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ অনুযায়ী আবেদন করেছিলেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা করে নির্বাচন কমিশন তা অনুমোদন করে।

এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন আফতাবনগর এলাকায় স্থানান্তরিত হয়েছে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
গাজীপুরে শ্রমিকবাহী বাস খাদে, আহত ১৫

 যোগফল প্রতিবেদক:

গাজীপুরের কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী একটি বাস সড়কের পাশের খাদে পড়ে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কুতুবদিয়া এলাকায় মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জিএমএস টেক্সটাইল কারখানার একটি বাস কালিয়াকৈরের মেদীআশুলাইসহ বিভিন্ন স্টপেজ থেকে শ্রমিকদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল। কুতুবদিয়া এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পর বাসের ভেতরে থাকা কয়েকজন শ্রমিক আটকা পড়েন। এ সময় কয়েকজন সড়কের পাশেও ছিটকে পড়ে আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন।

পরে নারীসহ ১৫ জনকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসনিম মুনমুন জানান, সকালে একটি কারখানার কয়েকজন শ্রমিক আহত অবস্থায় হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

বার্তা বিভাগ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বাড়াতে আইটিএফসির সঙ্গে সিটি ব্যাংকের বৈঠক

যোগফল প্রতিবেদক:

বাণিজ্য অর্থায়নে সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে সিটি ব্যাংক পিএলসি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইটিএফসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। সিটি ব্যাংকের পক্ষে নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিটি ব্যাংক ২০১৯ সাল থেকে আইটিএফসির সঙ্গে কাজ করছে। বর্তমানে আইটিএফসির কাছ থেকে ব্যাংকটির ৪ কোটি মার্কিন ডলারের মুরাবাহা অর্থায়ন সুবিধা রয়েছে। এর মধ্যে ১ কোটি ডলারের একটি সিন্ডিকেটেড সুবিধাও রয়েছে। এই অর্থায়ন সিটি ব্যাংকের বাণিজ্য অর্থায়ন কার্যক্রমে সহায়তা করছে।

বৈঠকে দুই প্রতিষ্ঠান তাদের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা করে। একই সঙ্গে রপ্তানি অর্থায়ন, পরিবেশবান্ধব অর্থায়ন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সিটি ব্যাংক জানিয়েছে, এ বৈঠকের মাধ্যমে শরিয়াহসম্মত বাণিজ্য অর্থায়ন আরও সম্প্রসারণ, বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য খাতগুলোকে সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য সংযোগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি হতে পারে।

ব্যাংকটির মতে, এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখার সুযোগও বাড়বে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম